‘প্রিন্স থেকে জিনিয়াস’—নেইমারের বিশেষ উপহার পেলেন মেসি ও তাঁর তিন ছেলে

খেলা ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪২

শেয়ার করুন

ফলো করুন

নেইমারের নাম লেখা জার্সিসহ মেসি ও তাঁর দুই ছেলে

নেইমারের নাম লেখা জার্সিসহ মেসি ও তাঁর দুই ছেলেএক্স/সান্তোস

লিওনেল মেসি ও তাঁর তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোর জন্য ১০ নম্বর জার্সি পাঠিয়েছেন নেইমার। নেইমারের নাম লেখা সান্তোসের সেই জার্সি হাতে ছবিও তুলেছেন মেসি ও তাঁর দুই ছেলে। নেইমার ও সান্তোসের পক্ষ থেকে উপহার পাঠানোর এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

সান্তোসের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে লেখা হয়, ‘নেইমার জুনিয়রের পক্ষ থেকে লিওনেল মেসির কাছে। প্রিন্স থেকে জিনিয়াসের উদ্দেশে। রাজার হাতে অমর হয়ে ওঠা সেই পবিত্র অমূল্য জার্সি। ১০ নম্বর মানে নেইমার, ১০ নম্বর মানে মেসি, ১০ নম্বর মানে পেলে। ফুটবলের ইতিহাসে এক চিরন্তন উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!’

মেসির গায়ে নেইমারের জার্সি—এই দৃশ্য আসলে দুজনের এক যুগের পুরোনো বন্ধুত্বের দারুণ এক স্মারক। ২০১৩ সালে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন, তখন থেকেই মেসির সঙ্গে তাঁর সখ্য। মাঠে যেমন জমেছিল তাঁদের রসায়ন, মাঠের বাইরেও দুজনের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না

মাঠে একসঙ্গে আটটি শিরোপা জিতেছেন মেসি-নেইমার। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রের সেই ঐতিহাসিক ‘ট্রেবল’ তো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। লুইস সুয়ারেজকে নিয়ে গড়া তাঁদের ‘এমএসএন’ ত্রয়ী তখন ছিল প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম।

দুই বন্ধু নেইমার ও মেসি যখন সতীর্থ ছিলেন

দুই বন্ধু নেইমার ও মেসি যখন সতীর্থ ছিলেনএক্স/ পিএসজি

২০১৭ সালে নেইমার রেকর্ড ট্রান্সফার ফি-তে পিএসজিতে চলে গেলে এই জুটির বিচ্ছেদ ঘটে। তবে ক্লাব আলাদা হলেও তাঁদের হৃদয়ের টান কমেনি। প্রায়ই তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যেত।

এরপর ২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দিলে আবারও এক হন দুই বন্ধু। তবে ২০২৩ সালে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, আর নেইমার বেছে নেন সৌদি আরবের ক্লাব আল হিলাল।

আরও পড়ুন

নেইমারের ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন মেসি

চোটের কবলে পড়ে নেইমার অবশ্য পরে ফিরে যান তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। এদিকে মেসি এখনো মায়ামিতেই জাদু দেখাচ্ছেন। দুজনের আবারও একই ক্লাবে খেলার গুঞ্জন মাঝেমধ্যে শোনা গেলেও আপাতত তা গুঞ্জনেই সীমাবদ্ধ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *